এআই এর নিয়ন্ত্রণহীন ব্যবহার না করার পরামর্শ রাষ্ট্রপতির
এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন।
প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি বলেন, “এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই জনকল্যাণে ও পরিমিত মাত্রায় এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।”
সাক্ষাৎকালে উপাচার্য কুয়েটের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি উন্নত শিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীকরণের দিকে জোর দেন। তিনি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য কুয়েটের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
