মহাখালীতে উত্তর সিটির ময়লার গাড়িচাপায় নারী নিহত
রাজধানীর ভাটারায় পৃথক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রাজধানীর ভাটারায় পৃথক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালের এ ঘটনায় পুলিশ গাড়িটি জব্দ করলেও চালকের পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছেন বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম।
নিহত নারীর নাম দুলালী (৫০)। তিনি ভ্যানচালক স্বামীর সঙ্গে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন। তার বাড়ি ময়মনসিংহের শেরপুরে।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিঅ্যান্ডটি মাঠের পাশে ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় একটি ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, গাড়িটি সিটি করপোরেশনের নিজস্ব নয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়িটি নেওয়া হয়েছিল।
তিনি বলেন, দুলালী ওই ময়লার ভাগাড়ে গাড়িটির পেছনে কিছু খুঁজছিলেন। এ সময় চালক তাকে দেখতে না পেয়ে গাড়িটি পেছনে নিলে তিনি চাপা পড়েন।
এদিকে রাজধানীর ভাটারায় ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত এবং তার বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।
তাদের হাসপাতালে আনা ব্যক্তিরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আহত এই দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সুমনের বন্ধু রাকিব হোসেন বলেন, সুমনের বাড়ি নোয়াখালী সদরের আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী লিটন। নিহত সুমন পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। রবিউল কাপড়ের ব্যবসা করেন। তারা দুজন গুলশানের শাহজাদপুর এলাকায় ভাড়া থাকতেন।
হাসপাতালে রাকিব বলেন, সুমন নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন ও রবিউল পেছনে বসা ছিলেন। নতুনবাজার এলাকায় যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
