সম্রাটের সম্পদের মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল
অভিযোগ গঠনের শুনানির জন্য ২ অক্টোবর তারিখ রেখে ওই সময় পর্যন্ত সম্রাটকে জামিন দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়ে গেছে।
সোমবার ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক বিচারক মঞ্জুরুল ইমাম অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।
জামিনে থাকা সম্রাট এদিন আদালতে হাজিরা দেন। আদালতের বাইরে তাকে ঘিরে ছিলেন শতাধিক সমর্থক। আইনজীবীও ছিলেন বেশ কয়েকজন।
সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভিন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদন করেন।
শুনানি শেষে বিচারক ২ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ রেখে ওই সময় পর্যন্ত জামিনে মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।
সম্রাট ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালে তিনি গ্রেপ্তার হন। এরপর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
২০১৯ সালের ১২ নভেম্বর মামলা হওয়ার পর ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র জমা দেয় দুদক। সেখানে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
