৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: আশপাশের সড়কে চলাচল বন্ধ

সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নেভানোর কাজ করছে।

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: আশপাশের সড়কে চলাচল বন্ধ

রাজধানী ঢাকার নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে শনিবার সকাল পৌনে ৬টার দিকে ভয়াবহ আগুন লাগে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 10:00 AM

Updated : 15 Apr 2023, 02:31 PM

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৬টায় নিউ মার্কেট সংলগ্ন তিন তলা এই বিপণি বিতানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা উদ্ধার কাজে নেমেছে।

আগুন লাগার পরপরই নিউ সুপার মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ওই সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নেভানোর কাজ করছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজটি নির্বিঘ্ন করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশী মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মিরপুর সড়ক হয়ে নিউ মার্কেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না।

মোহাম্মদপুর থেকে আসা বাসগুলো ধানমণ্ডি ২৭ নম্বর দিয়ে ফার্মগেইটের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সিটি কলেজ দিয়ে এলিফ্যান্ট রোডের দিকে শুধু ছোট গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে। তবে সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের দিকে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে আজিমপুর থেকে নীলক্ষেতের দিকেও ছোট গাড়ি ছাড়া কোনো বাস আসতে দেওয়া হচ্ছে না।