অফিসার্স ক্লাব ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু
“এই মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই।”
ঢাকার রমনায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোশারফ হোসেনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৭২ বছর বয়সি মোশারফ বনানীতে ছোট মেয়েকে নিয়ে থাকেন। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
ঢাকা মেডিকেলে লাশ নিয়ে আসা নিহতের মামাতো ভাই নাজমুল হাসান মিলন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মোশারফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। ছোট মেয়ে কয়েকদিন পরপরই সুইমিং করার জন্য অফিসার্স ক্লাবে যেতেন।
মিলন বলেন, সম্প্রতি ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে। শুক্রবার ক্লাবে যাওয়ার পর মেয়েকে সুইমিংয়ের জন্য পাঠিয়ে বিয়ের অনুষ্ঠানের বুকিং দিতে ভবনের নির্মাণাধীন অংশে যান বাবা।
“তিনি চোখে অনেক কম দেখতেন। তিনি আসলে লিফট খুঁজে পাচ্ছিলেন না; একবার সিঁড়ি দিয়ে নামছিলেন, একবার উঠছিলেন। এর মধ্যে নিচে থেকে কারেন্টের তার তোলার জন্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।”
ঘটনার পর মোশারফের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে ডেথ সার্টিফিকেট নিতে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।
নাজমুল হাসান মিলন বলেন, “এই মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই। কারণ আমরা পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখেছি।
“এবং প্রশাসন থেকেও এই সিসিটিভি ফুটেজ দেখে এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছে। এবং তার বয়সের কথাও চিন্তা করে আমরা ময়নাতদন্ত করতে চাচ্ছি না এবং প্রশাসন থেকেও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
