১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বার ভবনে ময়লার স্তূপে আগুন, আতঙ্ক

“কেউ সিগারেট খেয়ে ফেলে গেলে সেখানে একটি ময়লার স্তূপে আগুন লাগে,” বলছেন একজন আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 06:57 PM

Updated : 06 Mar 2024, 07:09 PM

ঢাকা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় ময়লার স্তূপে লাগা আগুন আতঙ্ক ছড়িয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী এইচ এম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার ভবনের তিন তলায় বাথরুমে কেউ সিগারেট খেয়ে ফেলে গেলে সেখানে একটি ময়লার স্তূপে আগুন লাগে। এতে আইনজীবীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। যদিও তাড়াতাড়ি আগুন নিভিয়ে ফেলা হয়।”

সদরঘাট ফায়ার স্টেশনের পরিদর্শক মাহমুদুল হাসান আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “খবর পেয়ে আমাদের দুটো ইউনিট গিয়েছিল। তবে আগেই আগুন নিভে যায়। আমরা ধারণা করছি, সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত।”

আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আইনজীবী ও আদালতের কর্মচারীরা বলেছেন, প্রতি বছরই ঢাকার আদালতপাড়ায় এভাবে আগুন লাগে। সচেতনতার অভাবে এসব ঘটনা ঘটে।

আইনজীবী মাসুম বলেন, “এর আগেও ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন লেগেছে। ২০২০ সনের ১৬ নভেম্বরে মহানগর দায়রা জজ আদালতের এজলাসের মধ্যে আগুন লাগে নথিপত্রও পুড়ে যায়।”