১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণ: বিদেশি আড়াইশ ও দেশি ‘২০ হাজারের বেশি’

বিদেশ থেকে যারা ভোট দেখতে আসতে চাইছেন, তাদের মধ্যে প্রায় ১৬০ জন পর্যবেক্ষক, বাকি ৯০ জন সাংবাদিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 11:03 PM

Updated : 25 Dec 2023, 04:47 PM

বিএনপি ও সমমনাদের বর্জন এবং ভোটের আমেজে কিছুটা ভাটার মধ্যেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় আড়াইশ বিদেশি এবং স্থানীয় ২০ থেকে ২২ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।

বিদেশিদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন।

এবার ভোট পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় ছিল ৭ ডিসেম্বর । দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর। 

এবার ৬৭টি পর্যবেক্ষক সংস্থা প্রথমধাপে নিবন্ধন পায়; দ্বিতীয় ধাপে ২৯টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চূড়ান্ত হয় ৭ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের আবেদনগুলো চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। দ্বিতীয় ধাপের কিছু পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বিলম্ব হওয়ায় আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।

বিদেশ থেকে যারা ভোট দেখতে আসতে চাইছেন, তাদের মধ্যে প্রায় ১৬০ জন পর্যবেক্ষক, বাকি ৯০ জন সাংবাদিক।

কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানান, পর্যবেক্ষক হতে থাইল্যান্ড, নেপাল, ভারত, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিস্তিন, জর্জিয়া, উগান্ডা, নরওয়ে, বুলগেরিয়া, কঙ্গো থেকে আবেদন পাওয়া গেছে।

বিদেশি গণমাধ্যমের মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি রয়টার্স, ভারতের এনডিটিভি ও অ্যাসোসিয়েটস প্রেস ইন্ডিয়া, যুক্তরাজ্যের নিউইয়র্ক টাইমস, জিজি প্রেস-জাপান ও দি ইয়োমিউরি শিমবুন, সুইডিশ রেডিও, সংযুক্ত আরব আমিরাতের দি ন্যাশনাল, জার্মানির জুঙ্গি ফ্রেইহেইট ছাড়াও অনেক ফ্রিল্যান্স সাংবাদিকও আবেদন করেছেন।

ঢাকায় কেন্দ্রীয় ও স্থানীয় সাংবাদিকদের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। শিগগির আবেদনের সময়সীমা জানাবে জনসংযোগ শাখা।

এবার বিএনপির বর্জনের মধ্যে ভোটে নেই নিবন্ধিত ১৫টি দল।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৭টি দল অংশ নিচ্ছে। এবার মোট প্রার্থী অন্তত ১৮৯৫ জন; আদালতের আদেশে যুক্ত হচ্ছে কিছু প্রার্থী। 

আগের নির্বাচনে কত পর্যবেক্ষক

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে ৮১টি দেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি। এছাড়া ৩৮ জন (ফেমবোসা, এএইএ, ওআইসি ও কমনওয়েলথ থেকে আমন্ত্রিত) বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন বিদেশি মিশনের ৬৪ জন কর্মকর্তা এবং দূতাবাস ও বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন ভোট পর্যবেক্ষণ করেন।

২০১৮ ও ২০১৪ সালে অনুষ্ঠিত একাদশ ও দশম সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠায়নি। পরে এ দুটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও তুলেছিল তারা।

দশম সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় পর্যবেক্ষকও কম ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনে মাত্র চারজন বিদেশি এবং স্থানীয় ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন ভোট পর্যবেক্ষণ করেন।

২০০৮ সালে ৫৯৩ জন বিদেশি এবং ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি ভোট পর্যবেক্ষণ করেন।

২০০১ সালে ভোট পর্যবেক্ষণে আসেন ২২৫ জন বিদেশি এবং ২ লাখ ১৮ হাজার জন দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

১৯৯৬ সালে প্রায় ৪০ হাজার দেশি এবং ২৬৫ জন বিদেশি ভোট পর্যবেক্ষণ করেন।

১৯৯১ সালে ৩০ হাজার দেশি এবং ৫৯ জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

পুরানো খবর:

পর্যবেক্ষক সংস্থা: দ্বিতীয় ধাপে নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

পুরানো খবর:

বিদেশি পর্যবেক্ষক: আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

পুরানো খবর:

দেশি পর্যবেক্ষক: ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় দিল ইসি

পুরানো খবর:

ইসির সঙ্গে বৈঠকে ভোটের ‘খুঁটিনাটি’ জানল ইইউ কারিগরি দল

পুরানো খবর:

ভোটের প্রস্তুতিতে কমনওয়েল্থ পর্যবেক্ষক দল ‘সন্তুষ্ট’: ইসি

পুরানো খবর:

নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ-সংস্থাকে ইসির আমন্ত্রণ