২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে দগ্ধ ৬ জনের মধ্যে এক শিশুর মৃত্যু

ওই আগুনে দগ্ধ আরও পাঁচজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 08:52 PM

Updated : 02 Sep 2022, 08:03 PM

ঢাকার কেরাণীগঞ্জে টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ ছয়জনের মধ্যে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে আট বছরের শিশু মরিয়ম আক্তারের মৃত্যু হয় বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মরিয়মের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে ওই আগুনে পুড়ে হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়ার মেয়ে।

সোনিয়া আক্তার (২৬) এবং তার মা মোছাম্মৎ বেগমের (৬০) শরীরের ২৩ শতাংশ পুড়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাইল জেলেপাড়ায় ওই টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগলে দুই শিশুসহ ছয়জন দগ্ধ হন।

এদের মধ্যে মোহাম্মৎ বেগমের নাতি সাহাদত হোসেনের (২০) দেহের ৫২ শতাংশ ও ইয়াছিনের (১২) দেহের ২৮ শতাংশ পুড়েছে। পান্না বেগমের (৫০) পুড়েছে ৩০ শতাংশ।

তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি। কারও অবস্থাই ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনার পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছিলেন, মান্দাইল জেলেপাড়ার একটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।