২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে জমির বিরোধে নিহত ১

নিকট আত্মীয় দুই পক্ষের মধ্যে এই মারামারি বাধে।

কামরাঙ্গীরচরে জমির বিরোধে নিহত ১

কামরাঙ্গীরচর থানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 11:34 PM

Updated : 02 Oct 2022, 11:48 PM

ঢাকার কামরাঙ্গীরচরে ভবন নির্মাণের জায়গার বিরোধে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার সন্ধ্যার আগে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় তারা হতাহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহত হাবিবুল বাশার মুন্না (৩৬) ওই এলাকার বাসিন্দা।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নিকটাত্মীয়।

“পৈত্রিক সম্পত্তির উপর ভবন নির্মাণ করার সময় রাস্তার জন্য জায়গা না ছাড়ায় মুন্না ও তার দুইভাই সানজিদ (৩০) মুরসালিন (৩২) প্রতিবাদ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়।”

মুন্নার মামা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক পর্যায়ে মুন্নার চাচা মোহাম্মদ পলাশ এবং তার দুই ছেলে পুলক ও শামীম ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়।”

এতে মুন্না ও তার দুই ভাই আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকে মুন্নাকে মৃত বলে জানান।

মুন্নার বাবা ইমরান হোসেন অনেক দিন আগে মারা গেছেন জানিয়ে সালাম জানান, তিন ভাইয়ের মধ্যে মুন্না সবার বড়।

পুলিশ জানায়, এই ঘটনায় মুন্নার চাচার পরিবারেরও দুইজন আহত হয়েছেন।

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানালেও তাদের পরিচয় দেননি ওসি মোস্তাফিজুর।