নরেন্দ্রনাথ মুন্ডা হত্যা: 'প্রভাবশালীদের' দৌরাত্ম্য বন্ধে পদক্ষেপ চায় আসক
মুন্ডাদের বরাত দিয়ে আসক বলছে, “হামলাকারীরা জোর করে হলেও জমিতে চাষ দেবে, বিষয়টি আগে থেকেই জানা যাচ্ছিল।"
সাতক্ষীরার শ্যামনগরে নরেন্দ্রনাথ মুন্ডার খুনিদের ‘প্রভাবশালী ও ক্ষমতাবান’ উল্লেখ করে তাদের ‘দৌরাত্ম্য’ বন্ধে জেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ চেয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সম্প্রতি আসকের নির্বাহী পরিচালক নূর খানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় পরিদর্শনে যায়। পরে সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
গত ১৯ অগাস্ট মুন্ডা সম্প্রদায়ের আট বিঘা জমি দখল নিতে স্থানীয় রাশিদুল ও এবাদুলের নেতৃত্বে একদল লোক হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ হামলায় গুরুতর আহত নরেন্দ্রনাথ মুন্ডা চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আসকের জ্যেষ্ঠ সমন্বয়ক (অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং) আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ধুমঘাট মুন্ডা পল্লীতে ২২টি মুন্ডা পরিবার বসবাস করে।
ঘটনার দিন সকালে রাশিদুল ও এবাদুলের নেতৃত্বে দুই থেকে আড়াইশ সন্ত্রাসী ধুমঘাট মুন্ডাপল্লী ঘিরে ফেলে।
সন্ত্রাসীরা প্রতিটি পরিবারকে অস্ত্রের মুখে বসতঘরে অবরুদ্ধ করে রেখে তাদের ভোগ দখলে থাকা আট বিঘা জমিতে কলের লাঙল নামিয়ে চাষ শুরু করে এবং বেড়ে উঠা চারা-ধান সম্পূর্ণ নষ্ট করে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সময় চাষের জমিতে কাজ করা নরেন্দ্রনাথ মুন্ডা এবং তার তিন পুত্রবধূ সন্ত্রাসীদের বাধা দিতে গেলে জমির মধ্যে পিটিয়ে ও কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। পুলিশ আসার আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যায় হামলার সঙ্গে জড়িতরা।”
মুন্ডাদের বরাত দিয়ে আসক বলছে, “হামলাকারীরা জোর করে হলেও জমিতে চাষ দেবে, বিষয়টি আগে থেকেই জানা যাচ্ছিল। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছিল এবং আতঙ্ক রয়েছে। হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী ও ক্ষমতাবান বলে স্থানীয় পর্যায়ে পরিচিত।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করাসহ স্থানীয়দের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আসক।
আসকের দাবিগুলো হল-
>> নরেন্দ্রনাথ মুন্ডা হত্যার বিচার নিশ্চিত করার স্বার্থে আসামিদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা
>> মুন্ডা নারী নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা
>> মুন্ডাদের জমি জবরদখলকারী ‘ভূমিদস্যুদের' বিচারের আওতায় আনা
>> নষ্ট হওয়া আট বিঘা জমির ধানের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান
>> মুন্ডাদের নিরাপত্তা নিশ্চিত করতে ধুমঘাট গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
>> মুন্ডাদের জমি জবরদখলকারী ‘ভূমিদস্যুদের' দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ
আরও খবর
