২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তের বছর পালিয়ে থেকেও হল না রক্ষা

র‌্যাব বলছে, রিকশাচালক, রাজমিস্ত্রী কিংবা হকার বেশে পালিয়ে মাদকের কারবার করে আসছিলেন শামীম।

তের বছর পালিয়ে থেকেও হল না রক্ষা

মো. শামীম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 01:30 PM

Updated : 14 Jan 2024, 01:30 PM

ছদ্মবেশে দীর্ঘ ১৩ বছর পালিয়ে বেড়ানোর পর ধরা পড়েছেন মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক ব্যক্তি।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

মো. শামীম (৩৭) নামের ওই ব্যক্তি ২০১০ সালের ৩ মার্চ ঢাকার গোলাপবাগে র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।

র‌্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে বলেছে, মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর ছয় মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন শামীম। এরপর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শামীম চিহ্নিত মাদক কারবারি। কক্সবাজার ও টেকনাফসহ সীমান্তবর্তী জেলা থেকে মাদক নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। ২০১০ সালের ৩ মার্চ গোলাপবাগে ৫০ গ্রাম হেরোইনসহ ধরা পড়েন। এ ঘটনায় মামলার বিচার চলাকালে জামিনে বের হয়ে তিনি নিরুদ্দেশ হন।

“কখনও রিকশাচালক, রাজমিস্ত্রী বা হকার বেশে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বেচাকেনা চালিয়ে আসছিলেন শামীম। আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচারে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।”