৩০% সরকারি কৌঁসুলি নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন
দুর্নীতি দমন কমিশনের মত বিশেষায়িত বিষয়ের স্বাধীন সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হবে বলে এক প্রশ্নের উত্তরে জানান আইনমন্ত্রী।
বিশেষায়িত বিচারিক ব্যবস্থার জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে ৩০ শতাংশ সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আইন মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছি। সম্পূর্ণ প্রসিকিউশন সার্ভিসটা ইনডিপেন্ডেন্ট হবে না, ৩০ শতাংশ হবে, এবং আলাদা লক্ষ্যের জন্য।
“এবং সেটার নিয়োগটাও হবে জুড়িশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। আমি কমিশনের সাথে কথা বলেছি, আমরা এটা নিয়ে কাজ করছি।”
দুর্নীতি দমন কমিশনের মত বিশেষায়িত বিষয়ের স্বাধীন সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হবে বলে এক প্রশ্নের উত্তরে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, সরকারি কৌঁসুলিদের ৭০ শতাংশ আগের মত রাজনৈতিক সিদ্ধান্তে নিয়োগ দেওয়া হবে। সব সরকারি কৌঁসুলির জন্য ‘সম্মানজনক’ বেতন কাঠামো নিয়েও কাজ করছে সরকার।
স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালুর পরিকল্পনা আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে কি-না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব, এখনই করার জন্য। আমরা দেখছি। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাথে কথাও হয়ে গেছে।”
সরকারি কৌঁসুলিদের জন্য আলাদা বেতন কাঠামো করার পরিকল্পনার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, “আমরা ঠিক করেছি বড় জেলার পিপিদের বেতন কী রকম হবে, আর অফিসারদেরও বেতন ‘স্ট্রাকচার’ সেভাবে হবে।
“বড় জেলার পিপিদের বেতন হবে ৫০ হাজার টাকা, মাঝারি জেলার ৪৫ হাজার এবং ছোট জেলার ৪০ হাজার টাকা। কতগুলি পাবলিক প্রসিকিউটর, অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর, কতগুলো জিপি, অ্যাডিশনাল প্রসিকিউটর, অ্যাডিশনাল জিপি থাকবেন, সেটাও নির্ধারণ করা হবে কী কী কোর্ট আছে সেটার ওপর নির্ভর করে।”
এই বেতন দেওয়ার জন্য অর্থ বরাদ্দের সম্মতি অর্থ মন্ত্রণালয় দিয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, “২৬৭ কোটি টাকা আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে চেয়েছি। তারা বরাদ্দ দিতে রাজি হয়েছেন। আমার মনে হয়, আগামী নির্বাচনের পরে যেই সরকারই আসবেন, এটা তারা অবশ্যই বিবেচনা করবেন।”
এক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাদের সম্মান রক্ষা করা এবং তাদের কাছ থেকে দায়িত্ব আদায় করে নেওয়ার জন্য যথেষ্ঠ। আমি বলছি না এটা যথেষ্ঠ। তবে, এটা খুব ভালো প্রাথমিক পদক্ষেপ।”
ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারায় মামলা ও গ্রেপ্তার চলমান থাকার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “সরকারের যে ‘সেল’ আছে, তার সঙ্গে পরামর্শ করে মামলা নেওয়া হচ্ছে। আর যাচাই-বাছাই ছাড়া কাউকে এখন গ্রেপ্তার করা হচ্ছে না।”
