২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মারধরে আহত’ বন বিভাগের কর্মকর্তার মৃত্যু

এক আত্মীয় তাকে মারধর করেন বলে ভাইয়ের অভিযোগ।

‘মারধরে আহত’ বন বিভাগের কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 01:29 AM

Updated : 14 Aug 2023, 01:29 AM

ঢাকায় বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে, এক দিন আগে তাকে পেটানো হয়েছিল বলে স্বজনদের অভিযোগ।

নিহত কর্মকর্তার নাম বসন্ত কুমার দাস (৫২)। তিনি ঢাকায় বন ভবনে হিসাব বিভাগের কর্মরত ছিলেন।

রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দেখে বলেন, তিনি মারা গেছেন।

নিহতের ছোট ভাই হেমন্ত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের এক ফুফাত বোনের সঙ্গে বসন্ত দাসের নিয়মিত কথাবার্তা হত। তাতে ক্ষিপ্ত হয়ে ওই বোনের স্বামী শনিবার বসন্ত দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মারধর করেন।

সেই ঘটনার পর তার ভাই বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন জানিয়ে হেমন্ত দাস বলেন, সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটংঙ্গী গ্রামের রঘুনাথ দাসের ছেলে বসন্ত মালিবাগের গুলবাগে থাকতেন। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।