রঙ-তুলিতে যুদ্ধদিনের গল্প বলছে নীলফামারীর ক্ষুদে আঁকিয়েরা
গত ছয় বছর ধরে স্কুল কলেজের বার্ষিক পরীক্ষার পরের দুই মাস ধরে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আঁকে ক্ষুদে চিত্রশিল্পীরা।
বিজয়ের মাসে দেশের উত্তরের জেলা নীলফামারী শহরের দেয়ালকে ক্যানভাস বানিয়েছে সেখানকার শিশু-কিশোররা। রঙ-তুলিতে তাদের ভাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধে মূর্ত হয়ে উঠেছে।
গত ছয় বছর ধরে নীলফামারীতে এই আয়োজনটি করে আসছে 'ভিশন ২০২১' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই আয়োজনের পেছনের কারিগর অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এক বিজ্ঞপ্তিতে 'ভিশন ২০২১' জানিয়েছে, "শিশুদের মেধা বিকাশ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে 'রাঙাও তোমার শহর' শীর্ষক এই আয়োজনটি করা হয়।"
সংগঠনের সমন্বয়ক ওয়াদুদ রহমান বলেন, "প্রতি বছর স্কুল কলেজে বার্ষিক সমাপনী হওয়ার পর দুই মাস ধরে শহরের নির্ধারিত বিভিন্ন দেয়ালে ছবি আঁকে ক্ষুদে চিত্রশিল্পীরা। মূলত শুক্রবার অথবা শনিবারে শিশুরা ছবি আঁকে।"
আসাদুজ্জামান নূরের ভাষ্য, শিশুকিশোরদের সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগানো এই কাজের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, “প্রগতিশীল চিন্তার মানুষদের এই আয়োজন মুগ্ধ করেছে। এই কর্মসূচিটির মধ্য দিয়ে শিশুকিশোরেরা চিত্রকলা চর্চার সঙ্গে যুক্ত থাকে এবং নিজের শহরকে নান্দনিক করার মধ্য দিয়ে তারা শহরকে ভালোবাসতে শেখে।"
এবারের বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচিতে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ছবি আঁকছে ক্ষুদে শিল্পীরা। রঙ-তুলির আঁচড়ে সাজিয়ে চলেছে শহরের বিভিন্ন দেয়াল।
তাদের আঁকা চিত্রকর্মে ফুটিয়ে তোলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অবয়ব, যুদ্ধ দিনের দৃশ্য। বাংলাদেশের পতাকা ও প্রকৃতির নানা চিত্র।
আসাদুজ্জামান নূর বলেন, "এখন কেবল শহরেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামি বছর থেকে ইউনিয়ন এবং গ্রামেও এটি করা হবে। এছাড়া আর্ট ক্যাম্পসহ সৃজনশীল নানা রকম কাজের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠে।"
