জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ভোজসভায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এই ভোজসভার আয়োজন করেন বাইডেন।
প্রধানমন্ত্রীর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ভোজসভায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সংবাদসূত্র: বাসস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
