এইচএসসি: সংস্কৃত পরীক্ষার তারিখ পরিবর্তন
৬ নভেম্বর থেকে শুরু পরীক্ষার অন্য বিষয়গুলোর সূচিতে কোনো বদল আনা হয়নি।
উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী এ দুটি পরীক্ষা হবে আগামী ৬ ও ৮ ডিসেম্বর।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সংশোধিত এ নতুন সূচি প্রকাশ করে।
তবে আগের সময়সূচি অনুযায়ী ৬ নভেম্বর থেকে শুরু হওয়া অন্য বিষয়গুলোর পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা যথাক্রমে আগের ২০ ও ২১ নভেম্বর দুপুরের পরিবর্তে যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর দুপুরে নিয়ে আসা হয়েছে।
এবারের এসএসসির মত এইচএসসি পরীক্ষাও বেলা ১১টায় শুরু হবে। আর দুপুরের পরীক্ষা হবে বেলা ২টা থেকে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই শিক্ষার্থীদের আসনে বসতে হবে।
নতুন সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পযন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
কোভিড মহামারীর কারণে গত বছরের মত এবারও সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। দুই ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে ২০ মিনিট; সৃজনশীল বা রচনামূলকের জন্য সময় থাকবে ১ ঘণ্টা ৪০ মিনিট।
মহামারীর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হত এপ্রিলে। কিন্তু মহামারী শুরুর পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০ সালে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়।
এরপর ২০২১ সালে পরীক্ষা নিয়ে এবারের পরীক্ষা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু বছরের মাঝামাঝি সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আবারও পিছিয়ে যায়।
বিলম্বিত এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হয়। এরপর নভেম্বরে এইএচএসি পরীক্ষার সূচি দেয় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
