০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদমাধ্যমের পেশাদারিত্বে তৌফিক ইমরোজ খালিদীর অবদান গুরুত্বপূর্ণ: তথ্য প্রতিমন্ত্রী

“দেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 09:37 PM

Updated : 02 Oct 2026, 09:52 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, “তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখে।

“তৌফিক ইমরোজ খালিদী দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গণের অপূরণীয় ক্ষতি।”

তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।