শেখ হাসিনা ও কামালের সাজা বাড়ানোর আবেদন আপিল বিভাগে
মামলায় যে অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাজা বাড়ানোর আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত।
মামলায় যে অভিযোগে এই দুই আসামির আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে আবেদনে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের করা এই আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
আপিল বিভাগে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
পরে তাজুল ইসলাম বলেন, একটি অভিযোগে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই সাজার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এর ২১ ধারায় সুপ্রিম কোর্টে আপিল করার বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপিল করা হয়েছে।
“আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার দাবিতে এ আপিল দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয় এবং ২১ ধারায় বলা আছে, সুপ্রিম কোর্টে দায়ের করা আপিল ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সে অনুযায়ী গত ১৫ ডিসেম্বর আপিল করা হয়েছে। আজ এক মাস পূর্ণ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আপিল নিষ্পত্তির আইনগত বাধ্যবাধকতা রয়েছে।”
তিনি আরও বলেন, “আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করা হয়, যেন বিষয়টি বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আপিলের শুনানি হবে।”
আপিল করার ব্যাখ্যায় তিনি বলেন, আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তবে সাজার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, তা আইনের দৃষ্টিতে অপর্যাপ্ত বলে প্রসিকিউশনের মত।
“বিশেষ করে চার্জ নম্বর ওয়ানে উসকানি দেওয়ার (ইনসাইটমেন্ট) অভিযোগ প্রমাণিত হয়েছে। ছাত্রদের রাজাকারের সন্তান ও নাতিপুতি বলে আখ্যা দেওয়া এবং মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে তাদের হত্যা করার আহ্বানের বিষয়গুলো সাক্ষ্যপ্রমাণ হিসেবে উঠে এসেছে।”
তিনি বলেন, “এসব প্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যে সাজা দেওয়া হয়েছে, তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই আপিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে এসব প্রমাণ উপস্থাপন করা হলে আসামি সর্বোচ্চ শাস্তি পাবেন বলে প্রত্যাশা করছি।”
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দুটি সাজা দেওয়া হয়।
গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়। এর মধ্যে দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম অভিযোগে মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনার।
আর এক নম্বর অভিযোগ ‘প্ররোচনা, হত্যার নির্দেশ ও বলপ্রয়োগ থামাতে ব্যর্থতার’ দায়ে আমৃত্যু কারাদণ্ড হয় সাবেক এ প্রধানমন্ত্রীর।
আরেক আসামি আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড হয় চানখাঁরপুল ও আশুলিয়ার দুটি ঘটনায়। আরেকটি অভিযোগের দায়ে হয় আমৃত্যু কারাদণ্ড।
এ মামলায় রাজসাক্ষী হওয়া তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় পাঁচ বছরের কারাদণ্ড।
