২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন ইউনূস

দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী রাষ্ট্র মেরামতে গৃহীত সংস্কার কার্যক্রমও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 10:52 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

বাংলাদেশে গেল জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাসস জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা বক্তৃতা করবেন আশা করা হচ্ছে। বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী রাষ্ট্র মেরামতে গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, “ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কীভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে।

“এ ছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থাসহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ড. ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে।”

শেখ হাসিনার শাসনের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি ভূরাজনীতির ঊর্ধ্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে উদাত্ত আহ্বান জানাবেন।

যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে। আরও কিছু সাইড ইভেন্টেও অংশ নেবেন তিনি।