১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তাকসিম ও আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা গত ৬ নভেম্বর দেওয়া হলে, তা জানা যায় বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

এদিন তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম। 

আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। 

“অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খান কোন সময় বাংলাদেশ গমন করে আত্মগোপন করতে পারেন। তাকসিম আহমেদ খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত গত ২১ আগস্ট বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। বর্তমানে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে নিষেধাজ্ঞা/স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক।”

এছাড়া গত ৬ নভেম্বর একই বিচারক নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। 

ওই আবেদনে বলা হয়েছে, আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। 

“অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন,” বলা হয় আবেদনে।