২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক খাতে চিকিৎসা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের মেজর জেনারেলের বাংলাদেশ সফর

“বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারত্ব সুসংহত করাই এ সফরের লক্ষ্য।”

সামরিক খাতে চিকিৎসা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের মেজর জেনারেলের বাংলাদেশ সফর
ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 08:41 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের একটি মেডিক্যাল কমান্ডের প্রধান মেজর জেনারেল ই. ড্যারিন কক্স।

তার এই সফরের খবর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন অষ্টাদশ থিয়েটার মেডিক্যাল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে ‘অংশীদারত্ব সুসংহত করাই’ এ সফরের লক্ষ্য।

“এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে।”

পূর্ণিমা রাই বলেন, ঢাকায় তার বৈঠক এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে।

“মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারকে তুলে ধরে।”