‘অর্থ পাচার’: সাবেক জেনারেল মাসুদের বিরুদ্ধে সিআইডির মামলা
ঢাকার বনানী থানায় দায়ের করা এ মামলায় ১০০ কোটি টাকা ‘পাচারের’ অভিযোগ আনা হয়েছে।
‘অর্থ পাচারের’ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও ফেনীর সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জরুরি অবস্থার সময় আলোচিত এই সেনা কর্মকর্তা ছাড়াও তার স্ত্রী ও মেয়েকে এ মামলায় আসামি করা হয়েছে, এ তালিকায় আছেন আরও ৩০ জন। তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
ঢাকার বনানী থানায় মামলাটি দায়ের করার তথ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত ‘চক্রের অন্যতম সদস্য’। জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক তিনি।
মামলার এজাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ উদ্দিন এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ‘প্রতারণার’ মাধ্যমে ২০১৬ সালের ১৮ অগাস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়।
“এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে।”
এসব ‘অনিয়মের’ মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা পাচারের অভিযোগ করা হয়েছে মামলায়।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মামলায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালকমণ্ডলী এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও ‘অভিযুক্ত’ করা হয়েছে।”
আসামির তালিকায় আছেন মাসুদ উদ্দিনের স্ত্রী ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক ও ওয়ান প্লাস ওভারসিসের ব্যবস্থাপনা পরিচালক জেসমিন মাসুদ এবং দুটি প্রতিষ্ঠানের একই পদে থাকা তাদের মেয়ে তাসনিয়া মাসুদ।
এর আগে মাসুদ উদ্দিন চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী, আমলা ও রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামরিক বাহিনীর অন্তত ১০ জন সাবেক উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ‘দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে সংস্থাটি। কিছু অভিযোগে ইতোমধ্যে মামলা হয়েছে। জব্দ করা হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ। পাশাপাশি অনেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
তাদের মধ্যে সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দপ্তর ও অধিদপ্তরে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন। ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে তাদের অনেকের হদিস মিলছে না।
অবসরে যাওয়ার পর জাতীয় পার্টিতে যোগ দেওয়া সাবেক জেনারেল মাসুদ উদ্দিনের সঙ্গে ফেনীর সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক অর্থমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে অবৈধ ব্যবসার অভিযোগে ১৬টি মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আরও অভিযোগের অনুসন্ধান চলছে।
মাসুদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাং নূরুল হুদাকে দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন উপপরিচালক ওমর ফারুক ও সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন।
