ঢাকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় দেখতে চান মেলোনি
বৈধ পথে আরও বাংলাদেশি শ্রমিক নেওয়া হলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমবে বলে মত দেন অধ্যাপক ইউনূস।
ইতালীয়রা বাংলাদেশের বন্ধু বর্ণনা করে রোম ও ঢাকার সম্পর্কে ‘নতুন অধ্যায়’ সূচনা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান বলে বাসস জানিয়েছে।
বৈঠকে গণঅভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, তারা সমগ্র জাতির জন্য ‘রিসেট বোতাম’ টিপে বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
মেলোনি বলেন, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে সহায়তা করবে ইতালি।
“অবশ্যই, আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন। আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনার চেষ্টা করি।”
অভিবাসন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “আইনি চ্যানেলের মাধ্যমে ইতালিতে আরো বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ সুগম করা হলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন হ্রাস পাবে।”
তার কথায় সায় জানিয়ে মেলোনি বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধে এবং ইতালিতে কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণের জন্য উভয় দেশের একসাথে কাজ করা উচিত।
বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।
