Published : 02 Dec 2025, 10:06 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।
তাদের বহনকারী গাড়ি রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান গেইট দিয়ে ঢুকতে দেখা যায়। তারা হাসপাতালে কিছু সময় থাকেন। এরপর রাত ৯টা ২০ মিনিটের পর বেরিয়ে আসেন।
বাহিনীপ্রধানদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে দেখতে যাওয়ার বিষয়টি পরে এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘তিন বাহিনী প্রধান ম্যাডামের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা ম্যাডামের আশু আরোগ্য কামনায় দোয়া করেছেন।”
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড।
দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। তার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল আসছে বুধবার।
যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে বলে এদিন দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তুলে ধরেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, “খালেদার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন।
“দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।”
বিএনপি চেয়ারপারসনকে এ মুহূর্তে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলেও জানান ডা. জাহিদ।