১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুধবার থেকে বৃষ্টি বাড়ার আভাস, কমবে গরম

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ভাদ্রের শুরুতে যে ভ্যাপসা গরম শুরু হয়েছিল তা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বুধবার থেকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী, এবারের ভাদ্রের শেষের দিনগুলোতে বৃষ্টি ঝরবে সারাদেশেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা বাড়বে, এটা ৩/৪ দিন থাকবে। 

“তখন গরম কমে যাবে- এমনিতেও আগের তুলনায় গত কয়েকদিন (গরম) কিছুটা কমেছে।" 

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের

ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। 

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায়।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।