১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১ দিনের মধ্যে আইন নিয়ে মতামত চাওয়াটা প্রহসন: টিআইবি

অংশীজনের মতামতের সময় অন্তত দুই সপ্তাহ করার দাবি জানিয়েছে সংস্থাটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 01:22 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া সম্পর্কে সাধারণের মতামতের জন্য মাত্র একদিন সময় দেওয়ার নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

গত ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আইনের খসড়াটি প্রকাশ করা আপলোড করে ২৮ জুলাইয়ের মধ্যে মতামত চায় মন্ত্রণালয়। 

এভাবে মতামত চাওয়াকে, ‘প্রহসনমূলক’ বলছে টিআইবি। তারা অংশীজনের মতামতের সময় অন্তত দুই সপ্তাহ করার দাবি জানিয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিজেদের এ মতামত তুলে ধরে সংস্থাটি। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “খসড়া আইনটিতে বেশকিছু ইতিবাচক ধারা অন্তভুক্ত করা হয়েছে। যেমন- গুমকে  একটি স্বতন্ত্র ফৌজদারি ও চলমান অপরাধ হিসেবে স্বীকৃতি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনা, গুমের ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তা অথবা অন্য ধরনের অজুহাতকে অগ্রহণযোগ্য ঘোষণা ইত্যাদি।

“তবে জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি আইনের ক্ষেত্রে মতামত প্রদানের জন্য মাত্র একদিনের সময় দেওয়া ভুক্তভোগী ও অংশীজনদের মতামত সংগ্রহের ব্যাপারে সরকারের সদিচ্ছার ঘাটতি দৃশ্যমান হয়েছে।”