Published : 04 May 2026, 04:38 PM
ঢাকার শাহবাগের নওয়াব হাবিবুল্লাহ রোডের এক বাসা থেকে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
২৬ বছর বয়সী এ বি এম আবিদ হাসান জিসান নামের ওই চিকিৎসক একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
সোমবার বেলা ২টার দিকে তার সহকর্মী ও রুমমেটরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “ধারণা করা হচ্ছে তার স্ট্রোক করেছিল। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
হাফিজুর নামের একজন সহকর্মী জানান, কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় ভাড়া থাকতেন জিসান।
সোমবার দুপুরে তার এক রুমমেট বাসায় ফিরে জিসানকে ‘অস্বাভাবিক অবস্থায়’ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ইন্টার্নশিপ শেষ করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যোগ দেন।
জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়, তার বাবার নাম আহসান হাবিব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।”