২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় হারানো আইফোন মিলল ঢাকায়

কলকাতার বেনিয়াপুকুর এলাকার এক নারীর মোবাইল ফোনটি হারিয়েছিল বছরখানেক আগে।

কলকাতায় হারানো আইফোন মিলল ঢাকায়
কলকাতায় হারানো এ মোবাইল ফোনটি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 11:58 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

ভারতের কলকাতায় হারানো একটি আইফোন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।

বছরখানেক আগে হারানো মোবাইল ফোনটি রোববার শাহজাহানপুর থানা পুলিশ উদ্ধার করেছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কলকাতা পুলিশের বেনিয়াপুকুর থানা এলাকার মৌটুসী গাঙ্গুলির আইফোন-১৩ গত বছরের ২৬ জুলাই হারিয়ে যায়। এ ঘটনায় বেনিয়াপুকুর থানায় তিনি জিডি করেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তির সাহায্যে মৌটুসী গাঙ্গুলির মেয়ে অস্মিতা গাঙ্গুলী ফোনটির অবস্থান বাংলাদেশে জানতে পারেন। পরে জিডির কপি তারা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও জমা দেন।

“অস্মিতা গাঙ্গুলী খোঁজখবর নিয়ে মোবাইল ফোন উদ্ধারে প্রায় একবছর ধরে ঢাকার শাহজাহানপুর থানার এসআই মিল্টন কুমার দেবদাসের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। অবশেষে রোববার সেই ফোনটি উদ্ধার করা হয়।”

ফোনটি কার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেটি বলা না হলেও বাংলাদেশে কীভাবে এল তা তদন্ত করে দেখার কথা জানানো হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।