১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খতনার জন্য অচেতন করা শিশু আয়ান আর ফিরল না

আয়ানের চাচার অভিযোগ, আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 08:39 AM

Updated : 09 Jan 2024, 06:38 PM

রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদ মারা গেছে।

রোববার রাত ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়ানের বয়স পাঁচ বছর নয় মাস। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায়।

আয়ানের চাচা জামিল খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়।

খতনা করার পর ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে।

রোববার রাতে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আয়ানের চাচার অভিযোগ, আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিল।

রাতেই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানের মৃত্যুসনদ দিয়েছে। তাতে বলা হয়েছে, আয়ানের মৃত্যুর কারণ কার্ডিও-রেসপিরেটরি ফেইলিওর, মাল্টিঅর্গান ফেইলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট।

এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।