১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জুলাই যোদ্ধাদের' দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

“জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব,” ফেইসবুকে লিখেছেন আইন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 05:20 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

'জুলাই যোদ্ধাদের' দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকালে নিজের ফেইসবুক পেইজে  উপদেষ্টা লিখেছেন, "জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। 

"জুলাই গণঅভ্যুত্থানকালে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।"

এধরনের আইন প্রনয়ণ সম্পূর্ণ বৈধ মন্তব্য করে তিনি লেখেন, "আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। 

"বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।"

এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে তুলে ধরে তিনি উপদেষ্টা লেখেন, "ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা (অধ্যাদেশের খসড়া) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।"