‘প্লট দুর্নীতি’: হাসিনাসহ ২৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৩১ জুলাই
তিনটি মামলা পাঠানো হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ; বাকি তিনটি পাঠানো হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয় মামলায় আগামী ৩১ জুলাই শেখ হাসিনাসহ ২৩ জনের বিষয়ে অভিযোগ গঠনের শুনানি হবে।
এর আগে মামলাগুলো বিচারের জন্য দুটি বিশেষ জজ আদালতে বদলি করা হয়।
আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ তিনটি এবং ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ তিনটি মামলা পাঠানো হয়েছে।
বিচারের জন্য প্রস্তুত হওয়ায় রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলা বদলির আদেশ দেন।
এসব মামলায় আসামির তালিকায় থাকা শেখ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক।
বাকি ১৬ আসামির মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
গত জানুয়ারিতে করা এসব মামলা দুদক অভিযোগ করেছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছে। অযোগ্য হলেও তাদেরকে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
