২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

একজনের মৃত্যু হয়েছে গাড়ির চাপায়, অন্যজন ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 11:30 AM

Updated : 23 Sep 2022, 03:49 PM


রাজধানীর বাসাবো ও বকশীবাজারে গাড়ি ও ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুইজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা এবং আড়াইটার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী মরিয়ম বেগম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ঢাকায় দক্ষিণখান এলাকায় থাকতেন, তার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে। 

সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসাবো ঢালে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মরিয়ম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম মারা যান। 

মরিয়মকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া গাড়িটি পুলিশ শনাক্ত করতে পারেনি বলে জানান এসআই ফারুক।

নিহত অন্যজন নারায়ণগঞ্জ রুস্তমপুরের রওশন আলীর ছেলে মো. সোহেল। ৩৭ বছর বয়সী মো. সোহেল ব্যবসা করতেন। সাভারে কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

তার সঙ্গে বাইকে থাকা তার বন্ধু সালাউদ্দিন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

শাহবাগ থানার এসআই কাওছার আহামেদ ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “সোহেল ও সালাউদ্দিন বাইকে করে পলাশী থেকে বকশিবাজারের কাছে পৌঁছানোর পরে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে সোহল ঘটনাস্থলেই মারা যান।“ 

দুর্ঘটনার সময় সোহেল ও সালাউদ্দিনের মধ্যে কে বাইক চালাচ্ছিলেন সেটি পুলিশ জানতে পারেনি। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ফেলে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন, তাদের ধরতে পুলিশ চেষ্টা করছে বলে এসআই কাওছার জানান। 

দুজনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।