২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় লিঙ্গের সদস্যরা ওএমএসে অগ্রাধিকার পাবেন: খাদ্যমন্ত্রী

“সামাজিকভাবে তাদের ক্ষমতায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে,” – বলেন সাধন চন্দ্র মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:32 PM

Updated : 02 Sep 2022, 09:32 PM

তৃতীয় লিঙ্গের সদস্যরা সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন ‘কন্নড়’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ গৃহহীণ থাকবে না। সে লক্ষ্যে সরকার গৃহহীণদের আশ্রয়ণ প্রকল্পে ঘর-বাড়ি দিচ্ছে। তৃতীয় লিঙ্গের সদস্যগণও ঘর-বাড়ি পাচ্ছেন।

“সামাজিকভাবে তাদের ক্ষমতায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। ২০১৯ সালে তারা স্বতন্ত্র লিঙ্গীয় পরিচয়ে ভোটাধিকার লাভ করে। বর্তমানে তারা পাসপোর্ট গ্রহণ করছেন নিজস্ব পরিচয়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগম।