ব্যাগসহ নারীকে টেনেহিঁচড়ে নেওয়া সেই ছিনতাইকারী গ্রেপ্তার
ব্যাগ টান দেওয়ার পর কবজিতে আটকে গেলে ওই অবস্থায় সেই নারীকে ১৫-২০ ফুট টেনে নিয়ে যায় ছিনতাইকারী।
ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ব্যাগ ছিনতাইয়ের সময় এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে সড়কে ফেলে দেওয়ার ঘটনার তিন মাস পর সেই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছেন।
ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিবিআই।
পুলিশ বলছে, গ্রেপ্তার রবিউল (৩৩) ওই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৬ এপ্রিল ভোরে সিদ্বেশ্বরীতে প্রাইভেটকারে এসে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। সে ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়ালে তিন দিন পর ২৯ এপ্রিল স্বপ্রণোদিত হয়ে মামলা নেয় আদালত।
ভিডিওতে দেখা যায়, এক নারী ফুটপাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে ছিলেন, হাতে ছিল ভ্যানিটি ব্যাগ। সেসময় ধীরগতিতে সাদা রঙের একটি প্রাইভেটকার তার কাছাকাছি আসে এবং চালকের পাশে বসা একজন হাত বের করে ওই নারীর হাতব্যাগটি টান দেয়। কিন্তু ব্যাগটি সেই নারীর কবজিতে আটকে গেলে ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। খানিকটা যাওয়ার পর তিনি সড়কে পড়ে যান। এরপর উঠে তার আগের জায়গায় লাগেজের কাছে ফিরে আসেন। আশেপাশে থেকে ছুটে আসা লোকজনকে তার আঘাতের চিহ্ন দেখান।
এর তিন দিন পর পত্রিকার প্রতিবেদন পর্যালোচনা করে মামলা নেয় আদালত। ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলে ঢাকা মহানগরের পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে আগামী ২০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়।
পুলিশ সেই ছিনতাইকারীকে ধরার পর বলছে, ভোর সাড়ে ৫টার দিকে সেই নারী বাসা থেকে বেরিয়ে গাজীপুর যাওয়ার জন্য সিদ্বেশ্বরী গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে বাসের অপেক্ষায় ছিলেন। পৌনে ৬টার দিকে ছিনতাইয়ের শিকার হন। কবজিতে ব্যাগ আটকে গেলে ওই অবস্থায় তাকে ১৫-২০ ফুট টেনে নিয়ে যান ছিনতাইকারীরা। একপর্যায়ে ব্যাগটি নিয়ে তারা মগবাজারের দিকে চলে যান।
পিবিআই বলছে, ঘটনাস্থলের ভিডিও, তথ্য প্রযুক্তি ও ঢাকায় একইরকম অন্য ঘটনাগুলো বিশ্লেষণ করে রবিউলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সিদ্ধেশ্বরীর ওই ছিনতাই ছাড়াও একইরকম আরও চারটি ঘটনা ঘটে। রবিউল ও পলাতক আরও দুজন প্রায়ই ভোরবেলা বের হয়ে ঢাকার রাস্তায় ছিনতাই করে আসছিলেন। তিনজন মিলে অন্তত ৩০টি ছিনতাই করেন। প্রতিটি ঘটনার পর ব্যাগে থাকা টাকা, মোবাইল ভাগাভাগি করে নিতেন।
