১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যানজট বাধালে ‘কঠোর ব্যবস্থা’: সরওয়ার

“চাঁদাবাজি বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 10:40 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ঈদযাত্রায় কিছু বিষয় উপেক্ষা করা হলেও যানজট বাধালে বাসওয়ালাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

বুধবার মহাখালী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

এতে সভাপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ। 

সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বক্তব্য দেন।

শিমুল বিশ্বাস বলেন, “ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

ডিএমপি কমিশনার বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি জোরদার করা হবে। চাঁদাবাজি বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

রাস্তায় বাস দাঁড় করিয়ে যাত্রী না তোলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আমরা হয়তো অন্যান্য জিনিস ‘ওভারলুক’ করব, কিন্তু যানজট হয়, এরকম কাজ করলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নেব।”