বৃষ্টিতে ধানমন্ডিতে গাড়ির ওপর আছড়ে পড়ল গাছ
গাড়িতে কেউ না থাকায় কারও হতাহতের তথ্য নেই পুলিশের কাছে।
বৃষ্টির মধ্যে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠের কাছে একটি বড় আকারের গাছ উপড়ে পড়লে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়িতে কেউ না থাকায় কারও হতাহতের তথ্য নেই পুলিশের কাছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুমুল বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডির আবাহনী মাঠের কাছে ১২/এ মধ্যক্রসিংয়ের সড়কে থাকা একটি পুরাতন গাছ পার্কিং করা তিনটি গাড়ির ওপর পড়ে। গাড়িগুলোর রাস্তার পাশে ছিল। গাড়িগুলোতে কেউ ছিলেন না।
তিনি বলেন, গাছটি পড়ে যাওয়ার আগে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। গাছ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল খালেক বলেন, খবর পেয়ে গাছ সরানোর জন্য তাদের একটি দল ঘটনাস্থলে গেছে।
