‘৬৮ কোটি টাকা আত্মসাৎ’: ডেল্টার ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা হয়েছে।
ঋণ জালিয়াতির মাধ্যমে ৬৮ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৬৩৪ টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান একেএম ফারুক আহমেদ ও তার স্ত্রী গ্রুপের পরিচালক ফেরদৌস আরা বেগমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
অন্য আসামিরা হলেন- সাউথইস্ট ব্যাংক মতিঝিল করপোরেট শাখার কর্মকর্তা ইমাম বোখারী, মো. মোজাম্মেল হক, মো. মোর্শেদ আলম মামুন, মো. আনোয়ারুল কবীর, আব্দুল বাতেন চৌধুরী, মো. আব্দুস সবুর, নাসিম সিকান্দার, মো. নাসির উদ্দিন, সরদার মো. হাজ্জাজ, আব্দুর রহমান চৌধুরী, শিল্পী রাণী দাস, শ্যামল কুমার চৌধুরী ও কাজী আবু তাহের।
এজাহারে বলা হয়, ‘দ্য ডেল্টা এক্সেসরিজ লিমিটেডের’ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও তার স্ত্রী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঋণের নামে নয়টি হিসাবের মাধ্যমে ৫৮ কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৭২১ টাকা উত্তোলন করেন। ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের মোট পাওনা দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৬৬৮ টাকা। সেদিনই ৯১ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৩৪ টাকা পরিশোধ করা হলেও সুদ ও অন্যান্য চার্জসহ অবশিষ্ট ৬৮ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৬৩৪ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।
