‘প্রায় সব’ প্রচারসামগ্রী সরানো হয়েছে: ডিএসসিসি
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।
নিজেদের আওতাভুক্ত এলাকা থেকে ভোটের প্রচারের ‘প্রায় সব’ সামগ্রী অপসারণ করার দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারসামগ্রী সরানোর অনুরোধ জানিয়ে ২ ডিসেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
“এ পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ শুরু হয়।
১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করে।
তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সব নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।
ডিএসসিসি বলেছে, “নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সব প্রচারসমাগ্রী অপসারণ হয়েছে।”
বিজ্ঞপ্তিতে সবার উদ্দেশে বলা হয়েছে, ডিএসসিসি এলাকায় অনুমতি না নিয়ে কেউ প্রচারসামগ্রী বসালে যেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২২২৩৩৮৬০১৪) জানানো হয়।
পোস্টার নিষিদ্ধ করা হলেও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রার্থীরা সাদা কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এগুলো নির্ধারিত মাপের মধ্যে হতে হবে।
একই সঙ্গে রেক্সিন, পলিথিন, প্লাস্টিকের মতো অপচনশীল উপাদানে কোনো প্রচারপত্র করা যাবে না।
পরিবেশবান্ধব ব্যানার টানিয়ে রাখা যাবে, তিনটি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন একজন প্রার্থী।
বিলবোর্ড স্থাপনের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি বা জনসাধারণ ও যান চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টি মাথায় রাখার তাগিদও দেওয়া হয়েছে।
