২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন বানচাল করতে ঢাবিতে ককটেল: ছাত্র অধিকার পরিষদ

“নির্বাচন বানচাল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ভয় দেখাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে,” বলেন বিন ইয়ামিন।

ডাকসু নির্বাচন বানচাল করতে ঢাবিতে ককটেল: ছাত্র অধিকার পরিষদ
ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার দাবিতে একদল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্র অধিকার পরিষদ বলছে, ডাকসু নির্বাচন বানচাল করতে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নির্বাচন বানচাল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

“যারা এই ক্যাম্পাসে পূর্বের কায়দায় ককটেল, বোমা এবং লাশের রাজনীতি প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিবেশ বিনষ্ট করবে, ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের কালো হাতকে শিক্ষার্থীরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।”

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া একদল শিক্ষার্থীকে রোববার প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আশ্বস্ত করে বলেন, নির্বাচনের কমিশন ঘোষণা হতে পারে সোমবার।

তিনি বলেন, “সোমবার বিকালে সিন্ডিকেট মিটিংয়ে আমরা ডাকসুর নির্বাচন কমিশনটা পাস করিয়ে নেব। এ ব্যাপারে আমরা আশাবাদী। ডাকসুর ব্যাপারে পরবর্তী সকল কার্যক্রম এই নির্বাচন কমিশন ঘোষণা করবে।”

এদিন ভোরে হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন এলাকায় খাবারের বাক্স থেকে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করা হয়।

বিন ইয়ামিন বলেন, “ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ওতপ্রোতভাবে লেগে আছে। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এজন্যই ডাকসু দরকার।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই। তাদের উদ্দেশ্যে বলব, তারা হয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ডাকসু কী এবং কেন দরকার এটি জানেন না।”

আরও পড়ুন-

হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ, ঢাবিতে খাবারের বাক্সে মিলল আরো ৭টি

ডাকসু নির্বাচন: এক দল শিক্ষার্থীর অবস্থান, কমিশন ঘোষণা হতে পারে সোমবার