Published : 21 Jul 2026, 12:45 PM
ঢাকার ভাটারার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি আফছা (৮)। তাদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু আফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, “তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী। পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সময় তারা ঘুমন্ত ছিলেন বলে জানান তিনি।