সাবেক খাদ্য সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার
গত ২১ ডিসেম্বর বিমানবন্দর থেকে আটক করার পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পরে শুনানি নিয়ে আদালত ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী সালাম।
দুদকের আবেদনে বলা হয়, “ইসমাইল হোসেন দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন মর্মে জানা যায়। দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।“
গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ইসমাইল হোসেনকে। পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। দুই দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
আর সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয় গত ৩ অক্টোবর। ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ১৭৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গত ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার করা ওই মামলার এজাহারে তার ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে। বর্তমানে জমা রয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকা।
দুদক বলছে, এই বিপুল টাকার লেনদেন ‘সন্দেহজনক’, যা খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে’ অর্জিত। এই টাকা ‘বৈধ করতে বা উৎস আড়াল করতে’ তার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেন করেছেন।
সাধন চন্দ্র মজুমদার ২০০৮ সাল থেকে টানা চার দফা জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে ধানমন্ডিতে কনকর্ড তরুলতায় ৪ হাজার ৪৭৫ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ঢাকার উত্তরায় ৫ কাঠা জমির খোঁজ পায় দুদক। এ ছাড়া তার নামে ব্যবসার মূলধন, গাড়ি, এফডিআর, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক ও নগদ মূলধনসহ ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদের তথ্যও রয়েছে দুদকের হাতে।
