Published : 04 Mar 2026, 08:16 PM
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কার্যালয়ে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নাগরিক সেবা দেওয়া, প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানো ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়ার কথা বলেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন শাখার পরিপত্রে নতুন এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।
এতে বলা হয়, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কর্মসূচি কিংবা ব্যক্তিগত কাজের কারণে অনেক কর্মী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না।
এর ফলে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের যোগাযোগ ব্যাহত হয় এবং নাগরিক সেবায় বিঘ্ন ঘটে বলে পরিপত্রে তুলে ধরা হয়।
এমন পরিস্থিতিতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মীকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, দাপ্তরিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রেও যেন এই সময়ের মধ্যে কোনো কর্মসূচি না রাখা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে নিজ দপ্তরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক বলেও পরিপত্রে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন, এমন শিক্ষক বা অনুষদ সদস্যরা রয়েছেন এ তালিকায়।
এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, জরুরি গ্রাহকসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল দেওয়া, বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।
পরিপত্রে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। অফিস সময়ের মধ্যে দাপ্তরিক কাজ ছাড়া দপ্তর ত্যাগ করাও নিষিদ্ধ।
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও নিয়মিত সকাল ৯টার আগেই অফিসে আসেন।