২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে দেশীয় পাখির দোকানে অভিযান: উদ্ধার তোতা, বাজপাখি

নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে কিছু পাখি ছেড়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

বন বিভাগের অভিযানে মিরপুরের একটি দোকান থেকে তোতা, ময়না ঘুঘু, বাজপাখিসহ বিভিন্ন ধরনের পাখি এবং কচ্ছপ উদ্ধার করা হয়েছে। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার মিরপুর ১ নম্বর এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই অভিযান চালায়। 

তারপর সেখান থেকে দেশীয় নানা জাতের ৪৯টি পাখি ও একটি কড়ি কাইট্টা (একটি প্রজাতির কচ্ছপ) জব্দ করা হয়।

অভিযানে ‘অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা’ পাখিগুলোর মধ্যে রয়েছে ৩টি পাহাড়ি ময়না, ২টি ঝুঁটি শালিক, ২টি গাং শালিক, ২টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, ২টি হিরামন তোতা, ২৩টি টিয়া ও ১টি বাজপাখি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাজারের একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘সোয়ান’।

অভিযানে উদ্ধার হওয়া অধিকাংশ পাখি কর্তৃপক্ষের ‘নির্দেশনা অনুযায়ী’ নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

আর অসুস্থ বন্যপ্রাণীদের আপাতত ‘নিরাপদভাবে’ রাখা হয়েছে এবং পরে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। 

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, দেশীয় যে কোনো বন্যপ্রাণী সংগ্রহ, লালন-পালন, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বন্যপ্রাণী সংরক্ষণে পাখিবাজারে এ ধরনের নিয়মিত অভিযান ‘অব্যাহত’ রাখার কথা জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।