Published : 28 Aug 2025, 04:21 PM
অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা চার মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া।
দুদকের কৌঁসুলি মোহাম্মদ হাফিজুর রহমান (হাফিজ) জানান, চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা করে দুদক। এর মধ্যে ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে একটি এবং ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে আরেকটি মামলা করা হয়। এছাড়া ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকার ব্যাংক ঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করে দুদক।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১৩ অগাস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। এরপর জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।