২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরু থেকে টিস্যু নিয়ে আনু মুহাম্মদের ক্ষত পুনর্গঠন

“সব কিছু ঠিক থাকলে সপ্তাহ খানেক পর তিনি বাসায় যেতে পারবেন। উনার বর্তমান অবস্থা ভালো, স্থিতিশীল আছেন”, বলেন এক চিকিৎসক।

উরু থেকে টিস্যু নিয়ে আনু মুহাম্মদের ক্ষত পুনর্গঠন
গত ২১ এপ্রিল খিলগাঁও রেল গেইটে ট্রেন থেকে নামতে গিয়ে আহত হওয়া আনু মুহম্মদ বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 10:28 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

ট্রেনে কাটা পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর তিনি ভালো আছেন এবং এক সপ্তাহের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তার উরু থেকে টিস্যু নিয়ে পায়ের ক্ষত পুনর্গঠন করা হয়েছে।

রোববার তার অস্ত্রোপচার করা হয় জানিয়ে তিনি বলেন, “সব কিছু ঠিক থাকলে সপ্তাহ খানেক পর তিনি বাসায় যেতে পারবেন। উনার বর্তমান অবস্থা ভালো, স্থিতিশীল আছেন।”

গত ২১ এপ্রিল বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন আনু মুহাম্মদ।

সেদিন একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। খিলগাঁওয়ে পৌঁছানোর পর ধীরে চলা ট্রেন থেকে নামার সময় তিনি পা পিছলে পড়ে যান।

তার বাঁ পায়ের প্রায় সব আঙুল থেঁতলে যায়। ডান পায়ের বুড়ো আঙ্গুলও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছিলেন, তার পায়ে ‘কম্বাইন্ড অপারেশন’ এর প্রয়োজন রয়েছে। এজন্য ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরো পড়ুন:

আনু মুহাম্মদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেন থেকে নামতে গিয়ে আহত আনু মুহাম্মদ, ক্ষতিগ্রস্ত পায়ের আঙুল

আনু মুহাম্মদের পায়ে 'কম্বাইন্ড অপারেশন’ দরকার: স্বাস্থ্যমন্ত্রী