Published : 25 Nov 2025, 06:08 PM
দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি রয়েছে; একই সময়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ।
সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় এটি মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
এছাড়া দক্ষিণপশ্চিম বঙোগাপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলের কাছে আরো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।