‘অবৈধ সম্পদ’: সাবেক এমপি রণজিৎ ও স্ত্রী-সন্তানদের নামে ৪ মামলা
তাদের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সাড়ে ১৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।
যশোর-৪ আসনের সাবেক এমপি রনজিৎ কুমার রায়, স্ত্রী নিয়তি রানী রায় ও দুই সন্তানের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তাদের চারজনের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত’ মোট সাড়ে ১৫ কোটি টাকার সম্পদ অর্জন ও ২১৮ কোটি ৫৩ লাখ টাকা ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগ আনা হয়েছে এজাহারে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের মামলা দায়েরের তথ্য দেন।
রনজিৎ কুমারের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন ৬ কোটি ১২ লাখ টাকা নিজ ভোগদখল করেছেন। তার নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে, যা ‘সন্দেহজনক’।
দ্বিতীয় মামলায় নিয়তি রানী রায়ের সঙ্গে রনজিৎকেও আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে ‘পাবলিক সার্ভেন্ট’ হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৯৯ লাখ টাকার ‘আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। নিয়তি রানীর ২১ ব্যাংক হিসাবে ৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তৃতীয় মামলায় ছেলে রাজিব কুমার রায়ের সঙ্গে রনজিৎকেও আসামি করা হয়েছে। মামলাটিতে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৬০ লাখ টাকার ‘আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। রাজিবের ৬৯ ব্যাংক হিসাবে ১৬২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক, এজাহারে যেটিকে সন্দেহজনক বলছে সংস্থাটি।
চতুর্থ মামলায় আরেক ছেলে সজিব কুমার রায়ের সঙ্গেও রনজিৎকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৭৪ লাখ টাকার ‘আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। সেইসঙ্গে সজিবের ১৮ ব্যাংক হিসাবে ৮ কোটি ৩৯ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
