আওয়ামী লীগের ৮ মন্ত্রী ও ৬ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া আট মন্ত্রীর মধ্যে আছেন দীপু মনিও, যিনি এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ভেঙে দেওয়া দ্বাদশ সংসদের ছয় সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের এক আবেদনে বৃহস্পতিবার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এই মন্ত্রী-এমপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন
সাবেক মন্ত্রীরা হলেন জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম।
এই আটজনের মধ্যে দীপু মনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাকিরা প্রকাশ্যে আসেননি।
যে সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে, তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সালিম উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান, ময়মনসিংহ-১১ আসনের কাজীম উদ্দিন আহমেদ, মাদারীপুর-১ আসনের নুর-ই-আলম চৌধুরী লিটন, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরণ এবং খাগড়াছড়ির কুজেন্দ্র লালা ত্রিপুরা ।
দুদকের আবেদনে বলা হয়, সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনি এলাকায় সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এসব সাবেক মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্র জানতে পেরেছে দুদক, এ জন্য ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন বলে আবেদনে বলা হয়েছে।
