১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসির ফল ‘নির্ধারিত সময়েই’

গত ১৯ অগাস্ট পরীক্ষা শেষ হয়েছে।

এইচএসসির ফল ‘নির্ধারিত সময়েই’
এইচএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের নোটিস বোর্ডে নিজের আসন খুঁজছেন এক পরিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 02:05 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

প্রথা মেনে ৬০ দিনের মধ্যেই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেওয়াজ মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ১৯ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

“এখন খাতা মূল্যায়নের কাজ চলছে। ১৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ দিনের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”

গত ২৬ জুন থেকে  শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ অগাস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।

রেওয়াজ মেনে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবিরও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের যে রেওয়াজ আছে, সেটি মেনেই এইচএসসির ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”