Published : 21 Aug 2024, 10:02 PM
লাইসেন্স ছাড়া যেসব খামার ও দোকানে পাখি বিক্রি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে পোষা পাখির অবৈধ দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা জানিয়েছে।
আগের দিন মঙ্গলবার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে পাখির দোকান মালিকদের লাইসেন্স নেওয়ারও তাগিদ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা- ২০২০ অনুযায়ী, লাইসেন্স ছাড়া কোনো খামারি পোষা পাখির উৎপাদন, লালন-পালন, খামার স্থাপন, বেচাকেনা বা আমদানি ও রপ্তানি করতে পারবেন না। কিংবা কোনো ‘পেটশপ’ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
“লাইসেন্স ছাড়া খামার ও ‘পেটশপ’ স্থাপন ও পরিচালনা করা বন্যপ্রাণি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কেউ এ বিধান লঙ্ঘন করলে এক বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢাকার কাটাবনের পাখি মার্কেটে অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।